বেসরকারি শিক্ষকদের যৌক্তিক দাবি মানবিক কারণে মেনে নিন: পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (শায়েখ চরমোনাই) মানুষ গড়ার কারিগর বেসরকারী শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। বর্তমান সরকার শিক্ষাখাতের দিকে নজর দিয়েছে সবচেয়ে বেশি বলে জানা যায়। কিন্তু তীব্র শীতের মধ্যে দাবি নিয়ে মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজ রাস্তায় অনশন করে অমানবিক জীবন যাপন করছেন। যা বিশ্বে আমাদেরকে লজ্জিত হতে হচ্ছে।
তিনি বলেন, অনশনকারী অসংখ্য শিক্ষক অসুস্থ হয়ে পড়ছেন, তাদের সাথে শিশু বাচ্চারাও আছে। এমতাবস্থায় মানবিক কারণেই তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করা উচিত। বছরের পর বছর শিক্ষকতা করেও তারা ঠিকমত বেতন-ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন।
তিনি আরো বলেন, এক দেশে দুই নীতি শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষার ক্ষেত্রে অশনিসংকেতও মনে করছেন শিক্ষাবিদগণ। সরকারি শিক্ষকরা যে দায়িত্ব পালন করে সরকারি যে সকল সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন, একই দায়িত্ব পালন করে বেসরকারি শিক্ষকরা সে সুবিধা পান না। সুবিধা বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করে থাকেন। শিক্ষা ব্যবস্থায় এ বৈষম্যমূলক আচরণ নিরসন হওয়া জরুরী। এ তীব্র শীতে অনশনরত শিক্ষকদের যৌক্তিক দাবি মানবিক কারণে হলেও মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানাচ্ছি।

Comments
Post a Comment